আন্তর্জাতিক
ঝড়ের রাতে আকাশে আটকে অমিত শাহর বিমান, অতঃপর...

ছবি : সংগৃহীত
প্রবল ঝড়বৃষ্টি আর দুর্যোগের দাপটে শুক্রবার মাধ্যরাতে কলকাতার আকাশে প্রায় ৫০ মিনিট ঘুরতে হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানকে। নির্ধারিত সময়ে অবতরণ করতে না পেরে বিমানটি হাবরা, বনগাঁ এবং কৃষ্ণনগরের আকাশে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত রাত ১টার দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে কলকাতায় নিরাপদে অবতরণ করে বিমানটি।
সূত্রের খবর, শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে রাত ১২টা ২২ থেকে ১২টা ২৭ মিনিটের মধ্যে কলকাতায় নামার কথা ছিল। কিন্তু এর মধ্যেই আচমকা বদলে যায় আবহাওয়ার পরিস্থিতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও তার আশপাশের এলাকায় শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টি। আকাশে ঘন কালো মেঘের আস্তরণ, সঙ্গে দমকা হাওয়া বিমান চলাচলের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
রাত ১২টার দিকে ধানবাদ অতিক্রম করে বিমানটি কলকাতার দিকে এগোতে থাকে। কিন্তু বিমানবন্দরের কাছে পৌঁছেও অবতরণ করা সম্ভব হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে ঘুরিয়ে দেন। এরপর শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা। ৫০ মিনিট ধরে বিমানটি হাবরা, বনগাঁ এবং কৃষ্ণনগরের আকাশে ঘোরাঘুরি করতে থাকে। এ সময় বিমানের ভেতরে স্বাভাবিকভাবেই কিছুটা উৎকণ্ঠা তৈরি হয়।
যদিও বিমানবন্দর সূত্র জানিয়েছে, এই ধরনের পরিস্থিতিতে নির্দিষ্ট নিরাপত্তা প্রটোকল মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়। পাইলটরা আবহাওয়ার আপডেট এবং রানওয়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছিলেন। রাত ১টার পর থেকে ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমতে শুরু করে। বৃষ্টি কিছুটা কমলে আবার অবতরণের চেষ্টা করা হয়। অবশেষে রাত ১টা ১৫ মিনিটে নিরাপদে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়।
বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি নিউ টাউনের একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার তার একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিশেষ করে রাজ্যের শাসন নিয়ে একটি চার্জশিট প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এর ঠিক একদিন আগেই একই ধরনের অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। অণ্ডাল থেকে কলকাতায় ফেরার পথে প্রবল দুর্যোগের কারণে তার বিমানও প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটে। পরপর দুই শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের বিমানের ক্ষেত্রে একই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন এবং বিমান চলাচলের ওপর তার প্রভাব নিয়ে।







