আন্তর্জাতিক
ইরান যুদ্ধে আহত তিন শতাধিক মার্কিন সেনা

ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০০ এরও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (ইউএস সেন্ট্রাল কমান্ড)।
মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানান, অপারেশন ‘এপিক ফিউরি’ শুরুর পর থেকে প্রায় ৩০৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগের আঘাত সামান্য, এবং ২৭৩ জন ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানান, এখনো ১০ জন সেনা গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই যুদ্ধে আরও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জন উপসাগরীয় অঞ্চলে এবং ৬ জন ইরাকে প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, শুক্রবার এক পৃথক ঘোষণায় ইরানের সামরিক বাহিনী জানায়, যেসব হোটেলে মার্কিন সেনারা অবস্থান নেবে, সেগুলোও লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। সামরিক বাহিনীর মুখপাত্র আবোলফাজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘যখন সব মার্কিন সেনা একটি হোটেলে থাকে, তখন আমাদের দৃষ্টিতে সেটি মার্কিন ঘাঁটিতে পরিণত হয়।’
এদিকে, ইরান সরকার এখনো তাদের হতাহতের সর্বশেষ সংখ্যা প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কর্মী গোষ্ঠী ২৩ মার্চ জানিয়েছে, যুদ্ধে
প্রায় ১ হাজার ১৬৭ জন ইরানি সেনা নিহত হয়েছেন এবং আরও ৬৫৮ জনের অবস্থান এখনো অজানা।







