আন্তর্জাতিক
কুয়েতি তেল ব্যারেল প্রতি ১১৮ ডলার ছাড়াল

ছবি : সংগৃহীত
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, বিশ্ববাজারে কুয়েতি তেলের দাম এক লাফে প্রতি ব্যারেলে ১১৮ ডলার ছাড়িয়ে গেছে। সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, কুয়েতি তেলের দাম ব্যারেল প্রতি ৮.১০ ডলার বৃদ্ধি পেয়ে ১১৮.৯৩ ডলারে পৌঁছেছে। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
মূলত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণেই তেলের বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে সরাসরি আক্রমণ অথবা আক্রমণের হুমকির মুখে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। বিশ্বব্যাপী মোট জ্বালানি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক গ্যাস ও তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বা 'চোকপয়েন্ট' হিসেবে পরিচিত।
এই যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং হরমুজ প্রণালি অনিরাপদ হয়ে ওঠায় বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। কুয়েতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর তেলের দাম এভাবে বাড়তে থাকা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: আলজাজিরা।







