সারাদেশ

ইটভাটা শ্রমিককে ঝুলিয়ে মধ্যযুগীয় বর্বরতা, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ইটভাটা শ্রমিককে ঝুলিয়ে মধ্যযুগীয় বর্বরতা, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকা ও ইটভাটায় কাজে না যাওয়ার জেরে এক শ্রমিককে ঘরবন্দি করে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।


শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গারগোড়া এলাকায় ঘটে যাওয়া এই নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

ভুক্তভোগী শ্রমিকের নাম আবুল কালাম কালু। তিনি উপজেলার চরবসু এলাকার বাদামতলী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। অভিযুক্ত ইসমাইল পেশায় একজন ইটভাটা মাঝি। সে একই উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা।

জানা গেছে, ইসমাইল মাঝির কাছ থেকে ইটভাটায় শ্রমিকের কাজের কথা বলে অগ্রিম টাকা নিয়েছিলেন কালু। কিন্তু পরবর্তীতে ব্যক্তিগত বা অন্য কোনো কারণে কাজে না যাওয়ায় ক্ষুব্ধ হন ইসমাইল।


যে কারণে শুক্রবার সকালে কালুকে চুঙ্গারগোড়া এলাকায় ধরে আনেন ইসমাইল মাঝি। এরপর একটি নির্জন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে দু-হাত বেঁধে তার ওপর মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালু যন্ত্রণায় চিৎকার করছেন আর ইসমাইল মাঝি তাকে বেধড়ক মারধর করছেন। এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।


ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সক্রিয় হয় কমলনগর থানা পুলিশ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কালুকে উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। অভিযুক্ত ইসমাইল মাঝি বর্তমানে পলাতক রয়েছেন।


কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নজরে আসা মাত্রই ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগীকে উদ্ধার করে সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত ইসমাইল মাঝিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধী যেই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

এদিকে, সামান্য পরিমাণ পাওনা টাকা বা কাজের অজুহাতে একজন মানুষকে এভাবে নির্যাতনের ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে ঘৃণা ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ইসমাইল মাঝিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে কেউ এমন হীন কাজ করার সাহস না পায়।



সম্পর্কিত খবর