সারাদেশ
সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ২৮ মামলার আসামি মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শীর্ষ সন্ত্রাসী রক্সির গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
গ্রেফতার রক্সির গ্রামের বাড়ি সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম নজু।
শনিবার দুপুরে র্যাব-১১ এর লে. কমান্ডার ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী তৈরি করে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কেনাবেচা ও ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। সোনারগাঁয়ের সর্বত্র অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার পরিচিতি রয়েছে। এই সন্ত্রাসী তার সংঘবদ্ধ গ্রুপ দিয়ে অসংখ্য সাধারণ মানুষের জমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদাবাজি, মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে সর্বস্ব লুট করে নিচ্ছিল। এছাড়া তিনি টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে তা নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। শীর্ষ সন্ত্রাসী রক্সির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, গ্রেফতার সন্ত্রাসী রক্সিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হচ্ছে।






