সারাদেশ
নাসিকের প্রশাসক নিয়োগ পেয়ে যা বললেন সাত খুন মামলার আইনজীবী

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হিসেবে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি দূর করা এবং কিশোর গ্যাং দৌরাত্ম্য রোধ করাই তার প্রথম কাজ।
আলোচিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিতি পাওয়া সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ৭৮ হাজার ৯৬৭ ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সদ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। পরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাখাওয়াত হোসেন খান বলেন, স্থবির সিটি করপোরেশনের কাজকে গতিশীল করার পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি দূর করা এবং কিশোর গ্যাং দৌরাত্ম্য রোধ করার জন্য কাজ করব।
তিনি বলেন, বিগত ১৭ বছরের রাজপথের লড়াই সংগ্রাম করার মূল্যায়ন হিসেবে আমাকে সিটি করপোরেশানের প্রশাসক নিয়োগ দিয়েছেন। দলের চেয়ারম্যানের ও প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করব।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর নগরবাসীর চলাচলের জন্য যানজট নিরসন, হকার উচ্ছেদসহ নগরবাসীর সেবায় কাজ করব।






