সারাদেশ

জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকালে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।


নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও ছেলে মোহাম্মদ মিহাদ (১২), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ঈদের ছুটিতে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুর ওপর ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে অনেকে ব্রহ্মপুত্র নদে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় পাঁচটি শিশু। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস।


গত পরশু রাতে একে একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রাতেই পরিবারের কাছে নিহত শিশুদের লাশ হস্তান্তর করা হয়। রোববার সকালে ডাকাতিয়াপাড়া, ঝালুরচর ও বেলতলী এলাকায় পৃথক জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ দুর্ঘটনার আনুষঙ্গিক কারণগুলোও খতিয়ে দেখা হবে।


সম্পর্কিত খবর