সারাদেশ
বাংলাদেশে অনুপ্রবেশ, কারাবন্দি ২৩ ভারতীয়

ছবি : সংগৃহীত
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রংপুর বিভাগের পাঁচটি জেলা কারাগারে ২৩ জন ভারতীয় নাগরিক কারাবন্দি রয়েছেন।
সাজাপ্রাপ্ত ও বিচারাধীন এসব বন্দিদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন।
রংপুর কারা উপমহাপরিদর্শক মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দিদের মধ্যে ঠাকুরগাঁও জেলা কারাগারে রয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবাবগঞ্জ জেমলা নগর গ্রামের রামচন্দ্র পাল ওরফে সজীব বর্মন। ২০২৪ সালের ৭ ডিসেম্বর হরিপুর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে ১৯৫২ সালের ৪ ধারায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি এই কারাগারে বন্দি আছেন।
বিভাগীয় কারা দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একই অপরাধে বর্তমানে দিনাজপুর কারাগারে সর্বোচ্চ ১০ জন (৭ পুরুষ ও ৩ নারী) ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়াও পঞ্চগড়ে ৭ জন (৬ পুরুষ ও ১ নারী), লালমনিরহাটে ৪ জন (৩ পুরুষ ও ১ নারী) এবং কুড়িগ্রাম জেলা কারাগারে একজন পুরুষ বন্দি রয়েছেন।
সম্প্রতি দিনাজপুর কারাগারে থাকা ভারতীয় নাগরিকদের আইনি অবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী সেক্রেটারি মনোজ কুমার রায় কারাগার পরিদর্শন করেন।





