প্রবাস

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক

শেয়ারঃ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি : সংগৃহীত

বিদেশের মাটিতে আরও একটি তাজা প্রাণ ঝরে গেল। এবার দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক তরুণ। দারিদ্র্য বিমোচনের স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমানো ২১ বছরের সোহানকে দেশে ফিরতে হচ্ছে নিথর দেহে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোহান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহান স্থানীয় একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজের পর এলাকায় হঠাৎ লোডশেডিং হলে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। এ সময় দোকানের মালিক একটি মোমবাতি আনতে পেছনের দিকে গেলে সেখানে ওতপেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা সোহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।


প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই দোকানের বাংলাদেশি মালিকের সঙ্গে পাশের একটি দোকানের সোমালি নাগরিকের দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ চলছিল।

ধারণা করা হচ্ছে, সেই শত্রুতার জের ধরেই সন্ত্রাসীদের ভাড়া করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শুক্রবার সকালে সোহানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন বাবা দুলাল মিয়া। একমাত্র ছেলেকে হারিয়ে মা এখন বাকরুদ্ধ। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে চিকন মাটি গ্রামের আকাশ-বাতাস।


রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। সরকারি প্রক্রিয়ায় সোহানের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে শোকসন্তপ্ত পরিবার।



সম্পর্কিত খবর