প্রবাস
মালয়েশিয়ায় মানবপাচারের ‘মূলহোতা’ বোরহান গ্রেফতার

ছবি : সংগৃহীত
অবৈধ অভিবাসী পাচারচক্রের ‘মূলহোতা’ বোরহানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কেলান্তানের কোটা ভারু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, বিশেষ ট্যাকটিক্যাল দল, গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ এবং কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের শুরুতে দুজন স্থানীয় পুরুষকে আটক করা হয়, যারা ‘রিসিভার’ হিসেবে কাজ করছিল বলে সন্দেহ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একটি আবাসিক বাড়িতে অভিযান চালানো হয়, যা অবৈধ অভিবাসীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পরবর্তীতে ওই স্থান থেকেই চক্রটির মূলহোতা হিসেবে সন্দেহভাজন এক স্থানীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ‘ট্রান্সপোর্টার’ বা পরিবহণকারী হিসেবে কাজ করা আরও দুজন স্থানীয় ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে মোট ২২ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ভারতের দুজন, বাংলাদেশের তিনজন এবং মিয়ানমারের আটজন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। মালয়েশিয়ান নাগরিকসহ সব মিলিয়ে ১৩ থেকে ৪২ বছর বয়সি মোট ২৭ জনকে আটক করা হয়।
জাকারিয়া শাবান জানান, চক্রটি কৌশল পরিবর্তন করে উপকূলীয় পথ ব্যবহার করে অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ করাচ্ছিল। পরে তাদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হতো, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়। এসব অভিবাসীকে পরে পরিবহণকারীর মাধ্যমে ক্লাং ভ্যালি এলাকায় পাঠানো হতো। প্রতিটি অভিবাসীর জন্য পরিবহণকারী পেত ১০০ রিঙ্গিত, আর রিসিভার পেত ২৫০ রিঙ্গিত করে। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি ও সম্পদ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গ্রেফতার পাঁচজন স্থানীয় পুরুষের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইন (অপটিজম) ২০০৭-এর ২৬এ ধারায় তদন্ত চলছে। অন্যদিকে, আটক ২২ জন বিদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারায় গ্রেফতার করে রাখা হয়েছে।





