প্রবাস
ইসরাইলি হামলায় লেবাননে বাংলাদেশি নারী নিহত

ছবি : সংগৃহীত
ভয়াবহ ইসরাইলি হামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লেবানন প্রবাসী দিপালী আক্তার (৩৪) নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতে তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ওই নারী গত পাঁচ বছর ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে চাকরি করে আসছিলেন। ঘটনার দিন দিপালী আক্তার তার মালিকের (কফিলের) পরিবারের সঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছিলেন। এ সময় বৈরুতে ভয়াবহ ইসরাইলি এয়ার স্ট্রাইক হামলা হয়। এ হামলায় চরভদ্রাসনের ওই নারীসহ কফিলের পরিবারের একাধিক সদস্য নিহত হন বলে জানা গেছে।
নিহত দিপালী আক্তার উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মাতার নাম রোজিনা খাতুন। দিপালী আক্তার অবিবাহিত ছিলেন।
শুক্রবার রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন লেবানন প্রবাসী নারীর মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দিপালী আক্তারের মৃত্যুতে সামাজিক গণমাধ্যম ফেসবুকে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
নিহত দিপালীর লাশ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, আমরা নিহত পরিবারের সঙ্গে কথা বলে দিপালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। একই সঙ্গে এ হামলায় তার কফিলের পরিবারের ৬ সদস্যসহ মোট ৭ জন ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।





