সারাদেশ
অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

ছবি : সংগৃহীত
দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থিতার জানান দেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। এ শোডাউনকে কেন্দ্র করে তুমুল সমালোচনা শুরু হয়। অবশেষে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীনস্থ গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হল।
জানা যায়, রোববার বিকালে মাসুদ রানা প্রামাণিক অর্ধশতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে শোডাউন করেন। শোডাউনের পর থেকে ছাত্রদলের ওই নেতাকে নিয়ে সামাজিকমাধ্যম ফেইসবুকে নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দলীয় নেতৃবৃন্দ মন্তব্য করেন। এমনকি ওই নেতার বিশাল মোটর শোভাযাত্রাকে কেন্দ্র করে উপজেলাব্যাপী ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে নেতাদের। শোডাউনের ব্যয় কথা থেকে এল, তার বাবা কি করেন বা পরিবারের অন্যরা কি করেন, আয়ের উৎস কোথায় এমনি নানা মন্তব্য এখন টক অব দা টাউনে পরিণত হয়েছে।
ছাত্রদলের ওই নেতা ফেইসবুক লাইভে এসে বলেন, শোডাউনের ওই গাড়িগুলো ছিল সিএনজি ও এলপিজির। গাড়িগুলো 'রেন্ট-এ কারে' চালিত। অকটেন-পেট্টোলের কোন গাড়ি ছিলনা। তার জনপ্রিয়তায় ও এত বড় শোভাযাত্রা দেখে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে একটি মহল এসব সমালোচনা করছেন।







