সারাদেশ

স্ত্রী-সন্তানসহ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

স্ত্রী-সন্তানসহ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দীপ্তি ও ছেলে নাফিস ফয়সাল আকাশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এক ভুক্তভোগীর স্ত্রী নাছিমা খাতুন ধুনট থানায় এ মামলা করেছেন।


সোমবার (২ মার্চ) বিকালে ওসি আতিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

মামলা সূত্র জানায়, ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের চপল মাহমুদ একটি কোম্পানিতে চাকরি করেন। তার কর্ম এলাকার পুরো ধুনট উপজেলায়। তিনি গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ধুনট সদর থেকে উল্লাপাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিএনপি নেতা আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী মহিলা দল নেত্রী শারমিন সুলতানা দীপ্তি ও ছেলে নাফিস ফয়সাল আকাশে তার (চপল মাহমুদ) পথরোধ এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন।


চপল মাহমুদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে তাকে মারপিট ও ব্যাগে থাকা প্রায় ৪০ হাজার টাকা কেড়ে নেন। এ সময় স্থানীয়রা আহত চপল মাহমুদকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় চপল মাহমুদের স্ত্রী নাছিমা খাতুন ওইদিন ২৬ ফেব্রুয়ারি ধুনট থানায় পাশা, তার স্ত্রী দীপ্তি ও ছেলে আকাশের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পুলিশ মামলাটি রেকর্ড করতে গড়িমসি করে।


এদিকে আসামিদের গ্রেফতারের দাবিতে গত ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে নির্যাতিত পরিবারসহ এলাকাবাসীরা হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর ধুনট থানা পুলিশ ওইদিন রাতে মামলাটি রেকর্ড করে।


অভিযোগ প্রসঙ্গে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা বলেন, পূর্ব বিরোধের জের ধরে তার ছেলের সঙ্গে চপল মাহমুদের মারপিটের ঘটনা ঘটেছে। চপল মাহমুদ তার ছেলেকে মারপিট করে আহত করেছেন। এ ঘটনাটি নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে (পাশা) হয়রানি ও তার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য মিথ্যা মামলা করেছেন।

সোমবার বিকালে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, মামলাটি রেকর্ড হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে; সত্যতা পেলে আসামি গ্রেফতার করা হবে।



সম্পর্কিত খবর