সারাদেশ

সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীকে গালি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীকে গালি, থানায় অভিযোগ

ছবি : সংগৃহীত

তেলের সরবরাহ কমে যাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে গালি দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর একটি ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে।


জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় অবস্থিত মেসার্স গাঙ্গোপাড়া ফিলিং স্টেশনের মালিক সারোয়ার জাহান সবুজের বিরুদ্ধে এ অভিযোগ। অবশ্য সবুজ অভিযোগ অস্বীকার করছেন।

তবে সারোয়ার জাহান সবুজের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফুল ইসলাম হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন সারোয়ার জাহান সবুজের বিরুদ্ধে। রোববার (২২ মার্চ) তার সামনেই সবুজ বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন বলে তিনি অভিযোগে দাবি করেছেন।


অভিযোগে তিনি উল্লেখ করেন, রোববার সন্ধ্যায় তিনি, ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ও আউচপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী আনোয়ার হোসেন মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। এ সময় পাম্পের মালিক সবুজ জানিয়ে দেন তেল নেই। এ সময় তারা যখন ফিরছিলেন, তখন বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীকে গালাগাল করেন সবুজ।

জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক সবুজ বলেন, আমার বাবা নুরুল ইসলাম নরদাশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমার রক্তে বিএনপি। আমি কোনো গালাগাল করিনি। তারা এসে চারটি মোটরসাইকেলে ২০ লিটার তেল চান। সেটা তো দেওয়া সম্ভব না। আমি গায়ে হাত দিয়ে বুঝিয়েছি। কিন্তু তারা তেল না পেয়ে মিথ্যা কথা বলছেন।


তিনি বলেন, ‘এখন তারা আমাকে এভাবে প্যারা দিচ্ছে যাতে কিছু টাকা-পয়সা আদায় করা যায়। আসলেই আমি গালিগালাজ করিনি। গায়ে হাত দিয়ে বুঝিয়েছি। এর ভিডিও আছে।

তবে এ অভিযোগ মিথ্যা দাবি করেছেন পুলিশে নালিশ করা কৃষক দল নেতা আশরাফুল ইসলাম। তিনি বলেন, আমরা তো একটা মোটরসাইকেলেই তিনজন ছিলাম। একটা গাড়িতে ২০ লিটার তেল ধরে না। টাকা দাবি করারও প্রশ্নই ওঠে না। পাম্প মালিক মিথ্যা বলছেন। পাম্প মালিক আওয়ামী লীগের দোসর। এ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের সময় সবুজ বিএনপি নেতাকর্মীদের মামলাসহ নানাভাবে হয়রানি করেছেন।


এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, পাম্প মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। এটা ধর্তব্য অপরাধ না। সে কারণে আদালতের অনুমতি নিয়ে ব্যবস্থা নিতে হয়। আমরা সে প্রক্রিয়ায় যাচ্ছি। পাশাপাশি প্রাথমিক তদন্তও চলছে।


সম্পর্কিত খবর