সারাদেশ
পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু, আটক ১২

ছবি : সংগৃহীত
পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। আহত মুনছুর খাঁ (৬০) মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি খঈম উদ্দিন।
মুনছুর খাঁ উপজেলার ভিটবিলা গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।
ওসি জানান, নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর হাসপাতালে মারা যাওয়া মুনছুর খাঁর মরদেহের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ মারা যান। তিনি একই গ্রামের শুকুর আলীর স্ত্রী। নিহত দুজনই বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছে, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং ভিটবিলা গ্রামের বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে দুপক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হয়।
পরদিন সকালে পশ্চিমপাড়া এলাকায় লাঠিসোঁটা নিয়ে পাহারা বসানো হয় এবং পূর্বপাড়ার লোকজনকে বাজারে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে পূর্বপাড়ার লোকজন সংঘবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে এসে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।






