সারাদেশ

চাঁদা না পেয়ে গাজীপুরে নারী উদ্যোক্তার বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

চাঁদা না পেয়ে গাজীপুরে নারী উদ্যোক্তার বাড়িতে হামলা

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের বাসন থানার দীঘিরচালা এলাকায় এক নারী উদ্যোক্তার কাছে দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় হামলার ঘটনা ঘটেছে।


এ ঘটনায় ওই নারী উদ্যোক্তা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং হামলার সিসিটিভির ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের বাসন থানা এলাকাধীন দীঘিরচালার বাসিন্দা সোহাগী আক্তারের বাড়িতে রোববার রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী হামলা করে। এর আগে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়ির সামনে এসে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা পেট্রল দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।


ভুক্তভোগীর অভিযোগ, এর আগেও তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং প্রতি মাসে এক লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে চাপ দেয়।

ওই নারী উদ্যোক্তা দীঘিরচালা কসমেটিক গলি এলাকায় ‘আফিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং পাশাপাশি ওয়াইফাই ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত।


সোহাগী আক্তার বলেন, এ অবস্থায় তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে বাসন থানার ওসি মো. হারুন আর রশিদ জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।



সম্পর্কিত খবর